উত্তরদিনাজপুর

মোটর বাইকের সঙ্গে ভূটভূটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় গুরুতর আহত বাইক চালক রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন

সোমবার ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মারনাই অঞ্চলের কুয়ারপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। এদিন ইটাহার কুরমানপুর গ্রামের বাসিন্দা আবু তালেব হুসেন (২৫) নিজের মোটর বাইকে চেপে মালদার দিকে যাচ্ছিলেন। পথে কুয়ারপুর এলাকায় অপরদিক থেকে আসা একটি ভুটভুটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত হন আবু তালেব হুসেন। দুর্ঘটনায় তার বাঁ পায়ের হাটুর নিচে থেকে ছুটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনলে গুরুতর জখম হওয়ার কারণে রায়গঞ্জ জেলা হাসপাতালে তাকে রেফার করা হয়। এদিনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ইটাহার থানার পুলিশ। ঘাতক ভূটভূটি চালককে আটক করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। 

        এবিষয়ে স্থানীয় বাসিন্দা সফিকূল ইসলাম জানান, মালদার দিকে একজন বাইক নিয়ে যাচ্ছিল সেই সময় রায়গঞ্জ এর দিকে ভূল পথ ধরে যাচ্ছিল একটি ভূটভূটি। ভূটভূটিটি হঠাৎ রাস্তার মাঝখানে চলে আসলে এই দূর্ঘটনাটি ঘটে।